কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশগ্রেফতারকৃতরা হলেন মোঃ ফেরদৌস রহমান অন্তর (২৮) ও মোঃ মাসুদ মিয়া (২৫)। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া এলাকার অটোরিকশা চালক মোঃ রকি মিয়া (১৯) যাত্রী পরিবহনের উদ্দেশ্যে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে নাগেশ্বরীর দিকে রওনা হন। পথে যাত্রীবেশে তিন ব্যক্তি তার অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে তারা কৌশলে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় পান করালে মোঃ রকি মিয়া অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর নানা মোঃ রুস্তম আলী (৭৩) ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে একটি সংঘবদ্ধ অটোরিকশা চুরি ও ছিনতাইকারী চক্রের সন্ধান পাওয়া যায়, যারা যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকদের টার্গেট করে অপরাধ সংঘটিত করত। তদন্তের ধারাবাহিকতায় ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে গত ১২ জুন রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের মূলহোতা মোঃ ফেরদৌস রহমান অন্তর ও তার সহযোগী মোঃ মাসুদ মিয়াকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত চক্রের অপর সদস্য মোঃ মমিনুর রহমান (২৭) পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছেন, ছিনতাই করা অটোরিকশাটি তারা নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের একটি শোরুমে বিক্রি করেন। অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ চুরি ও ছিনতাই-সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপর আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।