লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার লাকসামে অবৈধভাবে ড্রেজার চালানোর অপরাধে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পৌরসভার নোয়াপাড়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশের নয়নজলি ভরাটের ঘটনায় নিলামের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানার নেতৃত্বে পৌরসভার উত্তর-পশ্চিমগাঁও এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার পরিচালনার দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে, উপজেলার নোয়াপাড়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশে নয়নজলি ভরাটের বিষয়টি নজরে এলে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা হিসেবে নিলামের ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, অবৈধভাবে ড্রেজার পরিচালনা এবং সরকারি সম্পত্তি ও জনস্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।