লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার লাকসামে বিশাল হোন্ডা শোভাযাত্রা নিয়ে পৌরসভার প্রায় ২১টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এবং সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মজির আহমেদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) এশার নামাজের পর শোভাযাত্রাটি শুরু হয়। পরে তিনি পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং পাশাপাশি সংসদ সদস্যের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে উপহারসামগ্রী প্রদান করেন।
শোভাযাত্রা ও পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচিতে পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে মালিকলোনী, থিতিশ পুলিশের বাড়ি, লালু বাবুর কালীমন্দির, পেয়ারাপুর, জেলেপাড়া, বণিক বাড়ি, কালী বাড়ি, ঠাকুরপাড়া, সাহাপাড়া, ধামৈচা কালী বাড়ি, ভগদীশ কবিরাজ বাড়ি, গরু বাজার সংলগ্ন মন্দির, জগন্নাথ বাড়ি, দারগা বাড়ি, সুবাস বাবুর বাড়ি এবং বিভিন্ন সাহা বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।