এবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাভারের পঞ্চবটি এলাকায় সাভার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে জনরোষের জন্ম দিয়েছিল। তবে বর্তমানে দেশের মানুষ ভালো আছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, সাভারে দীর্ঘদিন ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা মিলেমিশে বসবাস করে আসছেন। আসন্ন দুর্গাপূজা সবাই মিলে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হবে।
সাভার পৌরসভার মেয়র প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম বলেন, আসন্ন দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করা হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।
এদিকে, সাভার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইয়ার রহমান উজ্জলের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ অনুষ্ঠানে উপস্থিত হন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ
স্থিত ছিলেন।
মন্তব্য করুন