
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ও পৌরসভা জামায়াত মনোনীত মেয়র প্রার্থী এড. বদিউল আলম সুজনের সার্বিক তত্বাবধানে “সুন্নাতে খৎনা কর্মসূচি–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩০০ এর অধিক ছেলে শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা করানো হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টায় লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এবং ১৪টি বুথের মাধ্যমে শিশুদের সুন্নাতে খৎনা কার্যক্রম সম্পন্ন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিনের সেক্রেটারি ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। অনুষ্ঠানে তিনি বলেন, “এত সাড়া পাবো আশা করিনি। ৫০০ জনের অধিক শিশুর জন্য চাহিদা পাওয়া গেছে। এর বিপরীতে আপাতত ৩০০ জন শিশুর জন্য আমরা আয়োজন করেছি। ভবিষ্যতেও আমরা মানবিক কাজ অব্যাহত রাখবো।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার আমির জয়নাল আবেদীন পাটোয়ারী।
অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, “দুর্যোগে-দুঃসময়ে সবার আগে সবার পাশে ছিলাম। সমাজের টোটাল প্রবলেম চিহ্নিত করে তা রিকভার করতে চাই। তারই অংশ হিসেবে ১৪টি বুথের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ডিভাইস ও কসমেটিক সার্জারি পদ্ধতিতে সুন্নতে খৎনা কার্যক্রম সম্পন্ন করছি।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা-ব্যবস্থা নিশ্চিত করে এ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এ সময় শিশুদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, চিকিৎসক, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, মানুষের সেবায় এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন