ইলিয়াছ হোসাইন রিপোর্টার (কুমিল্লা) :
কুমিল্লার নাঙ্গলকোটে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন সদ্য বিবাহিত এক দম্পতি। এ ঘটনায় নয়ন হোসেন (২৪) নামে ওই স্বামীর মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী বর্ষা বেগম (২২) গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নাঙ্গলকোট পৌর বাজারসংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। নিহত নয়ন হোসেন নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিম উল্লার ছেলে। তাঁর স্ত্রী বর্ষা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মনির হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে নয়ন ও বর্ষার বিয়ে হয়। তবে বিয়ের অল্প সময়ের মধ্যেই কী কারণে তাঁরা একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। নিহতের ভাই সোহেল ও বোন শিরিনা আক্তার জানান, বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে বিরোধ বা সমস্যা হয়েছিল কি না, তা তাঁদের জানা নেই। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহীন জানান, বিষপানের পর ওই দম্পতিকে হাসপাতালে আনা হলে তাঁদের পাকস্থলী ওয়াশসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতালে আনার পর নয়ন হোসেনের কোনো লাইফ সাইন পাওয়া যায়নি। অন্যদিকে বর্ষা বেগমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী দুজন বিষপান করেন। এতে নয়ন হোসেনের মৃত্যু হয়েছে এবং তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন