
সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় বিএনপি নেতা খোরশেদ আলমের মশারি বিতরণ
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী খোরশেদ আলম। তার সার্বিক উদ্যোগে ও অর্থায়নে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য ৫০টি মশারি বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এসব মশারি হস্তান্তর করা হয়।
মশারি হস্তান্তর ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, “সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক রূপ নিয়েছে। প্রতিদিন বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা যাতে কোনোভাবেই পুনরায় মশার কামড়ে আক্রান্ত না হন এবং হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়তে না পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
জনসেবামূলক কাজ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে খোরশেদ আলম আরও বলেন, “আমরা সাভারের সাধারণ মানুষের যেকোনো সুখে-দুঃখে ও স্বাস্থ্য সুরক্ষায় অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব। তবে শুধু সরকারি বা বেসরকারি উদ্যোগ কিংবা মশারি বিতরণ করেই ডেঙ্গু নির্মূল সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন স্বচ্ছ পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।”
সংবাদ সম্মেলনে ও মশারি বিতরণ অনুষ্ঠানে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন মাদবর, সাভারের সাবেক ছাত্রদল নেতা আবু বক্কর সিদ্দিক কল্লোলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মেয়র প্রার্থী খোরশেদ আলমের এই মানবিক উদ্যোগকে স্থানীয় জনসাধারণ ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্য করুন