
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে কোনো ধরনের জবরদখল, বেআইনি বা অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটলে ভিডিও ক্লিপ বা সংবাদ তৈরি করে তার কাছে পাঠানোর আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
তিনি বলেছেন, এসব বিষয় তার নজরে আসা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তার দলের কোনো নেতাকর্মী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে সংবাদপত্রে তা গুরুত্বসহকারে প্রকাশ করার আহ্বান জানান তিনি। সংবাদপত্রের স্বাধীন কণ্ঠরোধ করা হবে না বলেও মন্তব্য করেন এমপি আবুল কালাম।
শুক্রবার (১৮ এপ্রিল) লাকসাম পৌরসভার অডিটোরিয়ামে দৈনিক দিনকালের ৪০ বছর পূর্তি ও ৪১ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক দিনকালের লাকসাম ও মনোহরগঞ্জ প্রতিনিধিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির লাকসাম প্রতিনিধি ওমর ফারুকের সঞ্চালনায় এবং মনোহরগঞ্জ প্রতিনিধি জি এম আহসান উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের জীবন সম্পাদক সফিকুর রহমান, লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি নূরুন্নবী চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান ইসলাম এবং জ্যেষ্ঠ সাংবাদিক এমএস দোহা।
এ সময় লাকসাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দৈনিক দিনকালের চার দশকের সাংবাদিকতার পথচলা, গণমাধ্যমে পত্রিকাটির ভূমিকা এবং নানা প্রতিকূলতার মধ্যেও সংবাদ প্রকাশের ধারাবাহিকতার কথা তুলে ধরেন। তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে দৈনিক দিনকালের আরও সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
পরে অতিথি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কেক কেটে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১ বছরে পদার্পণ উদযাপন করা হয়।
মন্তব্য করুন