
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াস পাটোয়ারী বলেছেন, একজন শিক্ষার্থীর পড়ালেখায় ভালো ফলাফল অর্জনের চেয়ে আগে ভালো মানুষ হওয়া অত্যন্ত প্রয়োজন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো. ইলিয়াস পাটোয়ারী বলেন, শিশুদের মানসিক বিকাশে বিনোদনের বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা আবশ্যক। আজকের সুস্থ্য শিশু আগামীদিনে সুস্থ্য জাতি গঠনে সহায়ক। এতে প্রয়োজন তাদেরকে সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তোলা। সেজন্য শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, এবং সমাজের সচেতন ব্যক্তিবর্গের ভূমিকা অপরিসীম।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দৈনিক ইত্তেফাক’র স্থানীয় সংবাদদাতা মো. আবদুল গাফফার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সভাপতি ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুল আলম বাচ্চু, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিব উল্যাহ, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি ও লাকসাম প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ শাহাবুদ্দিন হায়দার প্রমুখ।
দ্যিালয়ের সিনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের নানাহ রকম পরামর্শ প্রদান করেন। তাঁরা বিদ্যালয়ের জরাজীর্ণ টিনসেড শ্রেণিকক্ষগুলো সংস্কার করে শিক্ষার্থীদের জন্য শিক্ষার অনুকুল পরিবেশ তৈরি, খেলার মাঠ এবং একটি পাকা বিদ্যালয় ভবন নির্মাণের দাবি জানান।
শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ, একটি শহীদ মিনার স্থাপনসহ আনুষাঙ্গিক সমস্যা নিরসনে অনুষ্ঠানের প্রধান অতিথি মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াস পাটোয়ারীর মাধ্যমে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালামসহ সংশ্লিষ্ট উর্ধ্বতণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি মো. ইলিয়াস পাটোয়ারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ ২০২৫ সালে উপজেলা স্কাউটস কমিশনার, সিনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলাম উপজেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, মোসাম্মৎ রোকেয়া বেগম স্কাউটে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় এবং বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৫ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সদসবৃন্দ, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন