শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় তৈরি পোশাক শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ইন্টারস্টপ কারখানার শ্রমিকদের সঙ্গে পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরাও যোগ দেন। তাঁদের দাবি, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে।
আন্দোলনকারীরা জানান, বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও বেতন বাড়েনি, আর আগের মতো ওভারটাইমের সুযোগও কমে গেছে। দীর্ঘদিন ধরে তাঁরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন বলে জানিয়েছেন।
বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে শ্রমিক ও পুলিশ মিলিয়ে অন্তত ৩০ জন আহত হন। পুলিশের একটি গাড়িসহ অন্তত ১৫টি যানবাহন ভাঙচুর করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
সূত্র: প্রথম আলো
মন্তব্য করুন