
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় চাঁদার দাবিতে এক ব্যক্তিকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগে সাব্বির হোসেন ওরফে সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্টে হামজারবাগের প্রবাসী মোহাম্মদ ইউসুফের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ শওকতকে ফোন করে চাঁদা দাবি করেন সাব্বির। ফোনে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করে বিষয়টি মিটিয়ে ফেলতে বলেন, না হলে লোক পাঠিয়ে হামলা চালানোর হুমকি দেন। হুমকির অডিও রেকর্ড পুলিশের হাতে রয়েছে বলে জানানো হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, জিজ্ঞাসাবাদে সাব্বির জানিয়েছেন, বড় সাজ্জাদের কাছ থেকে তিনি মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন। কারাগারে থাকা ডেভিড ইমনের বদলে চাঁদাবাজি পরিচালনার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল। সাব্বিরের বিরুদ্ধে পাঁচলাইশ ও হাটহাজারী থানায় দুটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, হুমকির পর ওই প্রবাসীর ভবনের ফটকে গুলিও করা হয়েছিল। এরপর থেকে আত্মগোপনে থাকা সাব্বিরকে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গত ২০ জুন চান্দগাঁওয়ের কালুরঘাট শিল্প এলাকায় অস্ত্র উঁচিয়ে গুলি করার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে সাব্বিরকে দেখা গিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
সূত্র: প্রথম আলো
মন্তব্য করুন