
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী “লাকসাম প্রেস ক্লাব” সরকারি নিবন্ধন লাভ করেছে। দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে এ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়।
এ উপলক্ষে ১০ জুন (মঙ্গলবার) স্থানীয় একটি রেস্টুরেন্টে ক্লাব সভাপতি এডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে বিশেষ সাধারন সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। নিবন্ধন পাওয়ায় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ক্লাব নেতারা জানান, সরকারি নিবন্ধন লাভের ফলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও জনস্বার্থে সংবাদ পরিবেশনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত লাকসাম প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে লাকসামের সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও পেশাদার সংগঠন হিসেবে কাজ করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবটি সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করেছে এবং নিয়মতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচন ও বিভিন্ন পেশাগত কার্যক্রম পরিচালনা করছে।
প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সরকারি নিবন্ধন প্রাপ্তিতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ অর্জন লাকসামের সাংবাদিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
মন্তব্য করুন