
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন জাকের আলী। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে তিনি বিদায় নেন ২২ রান করে।
এরপর নাঈম হাসানের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেছিলেন হাসান মাহমুদ। তবে সেই জুটি বেশিক্ষণ টেকেনি। ওয়ারিক্যানের একটি নিচু বলের লাইন মিস করে প্যাডে আঘাত পেয়ে আউট হন হাসান, করেন ৮ রান। অন্যদিকে নাঈম ৩৬ রানে অপরাজিত ছিলেন, যা টেস্টে তার এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর।
দ্বিতীয় ইনিংসে ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১১৫ রান, আর লিড ১৪২ রানে। তৃতীয় দিনের খেলা শেষে দলটি ছিল ৬ উইকেটে ৭৯ রান নিয়ে, তখন লিড ছিল ১০৬ রান। চতুর্থ দিন শুরুর আগে স্পিনার তাইজুল ইসলাম বলেছিলেন, ২০০ রানের কাছাকাছি লক্ষ্য দিতে চায় বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৭২ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ২৪৫ রানে। সেই হিসেবে প্রথম ইনিংস থেকে বাংলাদেশ এগিয়ে ছিল ২৭ রানে।
সূত্র: প্রথম আলো
মন্তব্য করুন