যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আগামী সোমবার ভোরে নিউ ইংল্যান্ড রেভোল্যুশনের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখা সত্ত্বেও এই ম্যাচে খেলতে পারবেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।
লিগের নিয়ম অনুযায়ী নিয়মিত মৌসুমে পাঁচটি হলুদ কার্ড পেলে পরের ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি ২৫০ ডলার জরিমানা হয়। গত বুধবার সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি, যা ছিল তাঁর এ মৌসুমের পঞ্চম কার্ড।
তবে এমএলএসের ‘ভালো আচরণের প্রণোদনা’ নিয়মে কোনো খেলোয়াড় টানা পাঁচ ম্যাচ হলুদ বা লাল কার্ড কিংবা অতিরিক্ত শাস্তি ছাড়া খেললে তাঁর জমা হওয়া কার্ডের সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে একটি কমে যায়। এই নিয়ম নিয়মিত মৌসুমে সর্বোচ্চ তিনবার প্রযোজ্য। পঞ্চম কার্ড পাওয়ার আগেই এমন পরিচ্ছন্ন ধারা পার করায় মেসির কার্যকর কার্ড সংখ্যা এখন মাত্র দুটি, তাই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না।
ইস্টার্ন কনফারেন্সে ৩২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মায়ামি, আর সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউ ইংল্যান্ড। দুই দলই প্লে-অফ নিশ্চিত করলেও আগামী মৌসুমের কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে জায়গা পাওয়ার লড়াইয়ে এই ম্যাচটি মায়ামির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো
মন্তব্য করুন