জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে চুরির অভিযোগে ফয়সাল নামে এক শ্রমজীবী যুবককে হাত-পা ও শরীর বেঁধে নির্যাতনের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, চুরির সন্দেহে ফয়সালকে একটি খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দীর্ঘ সময় ধরে নির্যাতন করা হয়। একপর্যায়ে তিনি শ্বাসকষ্টের কথা জানিয়ে বাঁধন কিছুটা ঢিলা করে দেওয়ার অনুরোধ করলেও নির্যাতন বন্ধ করা হয়নি বলে অভিযোগ। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফয়সাল এবং তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। আইন নিজের হাতে তুলে নিয়ে এ ধরনের নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিকরা। তারা বলেন, কারও বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে তাকে মারধর বা নির্যাতন করার অধিকার কারও নেই। অভিযোগের তদন্ত ও শাস্তি নিশ্চিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে ঘটনার বিস্তারিত ও ফয়সালের মৃত্যুর কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য নেওয়া জরুরি।
মন্তব্য করুন