সাভারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাভারে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাভারে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাভার থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, “সাভারে আওয়ামী লীগকে আর কোনো মিছিল করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, “যারা জুলাই গণঅভ্যুত্থানে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।”
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, শহীদদের আত্মদান জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
মন্তব্য করুন