মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডের নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি সৈকত শীল গ্রেপ্তার চট্টগ্রামের সীতাকুণ্ড-এ দায়ের হওয়া চাঞ্চল্যকর নারী ও শিশু নির্যাতন মামলার দীর্ঘদিনের পলাতক আসামি সৈকত শীলকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী উপজেলার বড় দিঘিরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত সৈকত শীল গোলাবাড়িয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে, মামলার এজাহারভুক্ত এই আসামি হাটহাজারী এলাকায় অবস্থান করছে। পরে র্যাবের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তার অবস্থান নিশ্চিত করে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, সীতাকুণ্ডের মামলার এজাহারভুক্ত আসামি হাটহাজারী এলাকায় অবস্থান করছে। রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সৈকত শীলকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন