লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী “ইউনিট সভাপতি সম্মেলন” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ইউনিট সভাপতি এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলামের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল।
অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ড. অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। তিনি কুরআনের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
”সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে ইউনিট দায়িত্বশীলদের করণীয়” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এরপর জামায়াতের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং দাওয়াতি কার্যক্রম বেগবান করার বিষয়ে মৌলিক আলোচনা করেন উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম।
সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় কুরআন-সুন্নাহর আলোকে আদর্শিক দৃঢ়তা, নৈতিকতা, ঐক্য, ধৈর্য এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। একই সঙ্গে তিনি সমাজকল্যাণমূলক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম বলেন, “ইউনিটই সংগঠনের প্রাণশক্তি। প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে আন্তরিকতা ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর হাফেজ মোসাররফ, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহীদ উল্ল্যাহ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা হায়াতুন্নবী আলী, নিজাম উদ্দিন ও মহসিন, কর্মপরিষদ সদস্য আব্দুল কালাম ভূঁইয়া, মাওলানা ফরিদুল হক, মাওলানা নুরে আলম, মাওলানা ফখরুল ইসলাম (বি.এস.সি.), আবদুল মান্নান মজুমদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। অংশগ্রহণকারী দায়িত্বশীলরা সম্মেলনটিকে সময়োপযোগী ও সফল বলে অভিহিত করেন।
মন্তব্য করুন