
সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসু’র সাবেক ভিপি আমান উল্লাহ আমান আজ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় এক সড়ক ও ড্রেন নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় বিএনপি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। যেসব এলাকায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেখানে দ্রুত নতুন ড্রেন নির্মাণ ও টেকসই সমাধানের আশ্বাস দেন তিনি।
স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান ও মেম্বারদের পাশাপাশি নিজে উপস্থিত থেকে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে আমান উল্লাহ আমান বলেন— জনগণের সেবক হিসেবে মাঠপর্যায়ে সার্বক্ষণিক কাজ করে যাবে দল।
একই সাথে এলাকাকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর নির্দেশনা দেন তিনি। আমান উল্লাহ আমান স্পষ্ট বার্তা দিয়ে জানান— মাদকের সাথে কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি বিএনপির কোনো নেতাকর্মীও যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
উদ্বোধনী এ অনুষ্ঠানে সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, যুবদল নেতা শাওন সরকারসহ স্থানীয় অন্যান্য বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন