শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শ, রাষ্ট্রচিন্তা ও কর্মপ্রণালী অনুসরণ এবং বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশকে একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও শান্তির জনপদে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন আসলাম চৌধুরী। শনিবার (৩০ মে) বিকেলে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, “সর্বক্ষেত্রে মেধাবী, দক্ষ ও সৎ মানুষদের রাষ্ট্র পরিচালনা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল জাতি গঠনের যে রাষ্ট্রকৌশল শহীদ জিয়াউর রহমান প্রবর্তন করেছিলেন, সেটিই দেশের অগ্রযাত্রার সর্বোত্তম পথ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, উৎপাদনমুখী অর্থনীতি গঠন এবং জনগণের ক্ষমতায়নের ক্ষেত্রে জিয়ার দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি আরও বলেন, “ইতোমধ্যে সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আগামী দিনে সীতাকুণ্ডকে দেশের অন্যতম মডেল জনপদ হিসেবে গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে একটি কর্মমুখর, আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, যুগ্ম-আহ্বায়ক সালামত উল্ল্যাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ আহমদ সলু-সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।
মন্তব্য করুন