জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এবং আন্দোলন-সংগ্রামে আহতদের দ্রুত সুস্থতা কামনায় ঢাকার সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“তোমাদের রক্তে রাঙানো স্বাধীনতাই আমাদের প্রেরণা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা জেলা উত্তর সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম-এর উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান, রাশেদুজ্জামান বাচ্চু এবং খান মজলিস বাবুসহ-এছাড়াও স্থানীয় বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অসামান্য ত্যাগ, সাহস ও আত্মদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সকলের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মন্তব্য করুন