জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত জলদস্যু এবং হত্যা মামলার প্রধান আসামি জমিরকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (৬ মে ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কুতুবদিয়ার পশ্চিম-দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে এফবি ‘আজুফা আক্তার মানু’ নামের একটি ফিশিং বোটে জলদস্যু জমির উদ্দিন বাহিনীর গুলিতে শাহাদাত হোসেন খোকন নামে এক জেলে নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে মহেশখালী থানাধীন মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমির বাহিনীর প্রধান ও হত্যা মামলার মূল আসামি জমির (৪০) কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকা থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক জমির কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ‘জমির বাহিনী’র নেতৃত্বে জলদস্যুতা ও ডাকাতির সঙ্গে জড়িত বলে জানায় কোস্ট গার্ড। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন