চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় পারিবারিক কলহের জেরে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছেলের ছুরিকাঘাতে পিতা নিহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে জঙ্গল সলিমপুরের ৫ নম্বর ছিন্নমূল সমাজ এলাকার বেবি আপার গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ তার পিতা নুরু উল্লাহ (৬৫)-কে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নুরু উল্লাহর বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
ঘটনার পর অভিযুক্ত ছেলে মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন