আজ রোববার সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিক সড়ক অবরোধ করেন। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে তাঁরা এই বিক্ষোভে অংশ নেন। সকাল আটটার দিকে শুরু হওয়া অবরোধে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ শ্রমিকদের সরাতে গেলে বেলা সোয়া ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে মেট্রোরেলের পানির লাইন পুড়ে যায় এবং স্টেশনের পূর্ব পাশের একটি গেট বন্ধ থাকে। সংঘর্ষের কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বন্ধ রাখা হয়।
পল্লবী থানা পুলিশ জানিয়েছে, বেলা একটার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল শনিবারও একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা।
সূত্র: প্রথম আলো
মন্তব্য করুন