এবারের হ্যালোউইনে ভয় দেখানোর চেয়ে পুরোনো স্মৃতি ফিরিয়ে আনার দিকেই বেশি ঝোঁক দেখা গেছে তারকাদের মধ্যে। সিনেমা, গান আর পপ সংস্কৃতির চেনা চরিত্রগুলোকে নতুন করে সাজিয়ে তাঁরা হাজির হয়েছেন ভক্তদের সামনে।
জেনিফার লোপেজ বেছে নিয়েছেন ১৯৬৮ সালের ‘বারবারেলা’ ছবির চরিত্রটি, খুশি কাপুর এসেছেন ওয়ান্ডার ওম্যানের সাজে, আর প্যারিস হিলটন ফিরিয়ে এনেছেন ২০০১ সালে ব্রিটনি স্পিয়ার্সের আলোচিত মঞ্চসাজ। জাস্টিন বিবার ও হেইলি বিবার জুটি বেঁধে হয়েছেন দেবদূত ও শয়তান, আর প্রিয়াঙ্কা চোপড়া পরিবারসহ সেজেছেন নানা চরিত্রে — তিনি ‘কিং কাইলি’, নিক কাউবয়, আর মেয়ে মালতী ‘ঘোস্ট প্রিন্সেস’।
কিম কার্ডাশিয়ান এবার মেয়ে নর্থের সাজ অনুকরণ করেছেন, ব্ল্যাকপিংকের জেনি হয়েছেন ‘টু ফাস্ট টু ফিউরিয়াস’ ছবির সুকি, লিসা সেজেছেন রহস্যময় জলপরি, আর মডেল অ্যালেক্স কনসানি পরেছেন মোনালিসার আদলে তৈরি পোশাক। নীলম কৌর গিল মনে করিয়ে দিয়েছেন ‘কাভি খুশি কাভি গম’ ছবির ‘পু’ চরিত্রের কথা।
সবচেয়ে আবেগঘন মুহূর্তটি এনেছেন জাহ্নবী কাপুর। ১৯৮৬ সালের ‘নাগিনা’ ছবিতে মা শ্রীদেবীর অভিনীত ইচ্ছাধারী নাগিনের সাজ নতুন করে ফুটিয়ে তুলে তিনি মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সব মিলিয়ে এবারের হ্যালোউইন যেন হয়ে উঠেছে পুরোনো দিনের প্রতি ভালোবাসা আর সৃজনশীলতার এক উৎসব।
সূত্র: প্রথম আলো
মন্তব্য করুন